নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৯ , ১২:০১ পিএম
ছবি: ইন্টারনেট
ভোলায় ও নওগাঁয় পুলিশের পৃথক ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যুসহ ২জন নিহত হয়েছে।সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে ভোলা উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন এলাকা ও নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের বালিয়াচান্দা ফকিরের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শফিকুল ইসলাম (৪০) ও দেলোয়ার হোসেন দুখু (৪৪)।
পুলিশের দাবি, নিহত শফিকুল একজন জলদস্যু।তার বিরুদ্ধে ভোলা মডেল থানায় চারটি মামলা রয়েছে। অপর দিকে দেলোয়ার হোসেন একজন ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, সোমবার (৮ জুন) গভীর রাতে জলদস্যুদের দুই গ্রুপের মধ্যে ভাগ-বাটোয়ারা নিয়ে গোলাগুলি হয়। এসময় খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে জলদুস্যরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। ওই সময় জলদস্যুরা ট্রলার নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুল ইসলামের মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে স্থানীয়রা মরদেহটি শনাক্ত করতে পারেননি। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার (৯ জুন) সকালে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
পুলিশ সুপার বলেন, শফিকুল ইসলাম জলদস্যুদের গুলিতে নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
অপরদিকে, পোরশা থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে একাধিক ডাকাতি মামলার আসামি দেলোয়ার হোসেনকে যমুনা বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যানুসারে তাকে সঙ্গে নিয়ে রাত সোয়া ৩টার দিকে গাঙ্গুরিয়া ইউনিয়নের বালিয়াচান্দা ফকিরের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় দেলোয়ার হোসেনের সঙ্গীরা অতর্কিত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির মাঝে পড়ে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় চার পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি কাটা পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি হাঁসুয়া, একটি রামদা, একটি চাপাতি ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে দেলোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.