নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০৮ , ০৪:২২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফরিদুপরের শীর্ষ দুই সন্ত্রাসীকে বিপুল পরিমান অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ জুন) রাতে ফরিদপুর শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, মাদক ও নগদ টাকাসহ বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে ফরিদপুরের পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে পুলিশ সুপার আলিমুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর শহর যুবলীগ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল।
এরআগে গত ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের বদরপুর মোড় থেকে প্রথমে সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল গ্রেফতার করা হয়।
পরে রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন সুলতানা বন্যা মন্ডল, ছাত্রলীগ নেতা এনামুল ইসলাম জনি, অমিয় সরকার, বর্ধিত ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সাবেক ৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন ও জাহিদ খান, রুবেল ও রেজাউল করীম বিপুলকে গ্রেফতার করে।
তাদের কাছ থেকে ৫টি পিস্তল ও ৯১ রাউন্ড গুলি, ২টি শর্টগান ও ১৮০টি কার্তুজ, ৬ বোতল বিদেশী মদ, ৬৫ পিস ইয়াবা, খাদ্য অধিদপ্তরের ১২শ’ বস্তায় ৬০ হাজার কেজি চাল, ৩ হাজার ইউএস ডলার, ৯৮ হাজার ভারতীয় রুপি ও বাংলাদেশী ২৯ লাখ টাকা ও ৫টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি। আর তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক ভোরের প্রত্যাশা নামক পত্রিকার সম্পাদক এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি। বরকত ওই পত্রিকার প্রকাশক।
খোঁজ নিয়ে জানা যায়, সাধারণ জীবন থেকে রাজনীতির ছোঁয়ায় ক্ষমতাধর হয়ে উঠে এই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেল। অর্থ আর সম্পদের লোভে এক সময় বিএনপির রাজনীতিতে জড়ান এ দুই ভাই। পরে ক্ষমতা বদলের পর তারাও রূপ বদলান। রাজনীতিকে ব্যবহার করে ত্রাস হয়ে ওঠেন ফরিদপুরের। তাদের দাপটে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও এখন কোনঠাসা। কেউ কেউ অপমানে, অভিমানে রাজনীতি ছেড়ে দিয়েছেন। আর যারা আছেন তারা দুই ভাগে বিভক্ত। সংখ্যালঘুদের জমি দখল নির্যাতন, টেন্ডার নিয়ন্ত্রনসহ তাদের রাজত্ব ছিলো পুরো ফরিদপুর শহরে। এমন শত শত অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এদিকে, সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলকে গ্রেফতারের খবরে তাদের বিচার ও শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করে আওয়ামী লীগের একাংশ। ফরিদপুরে প্রেসক্লাবের সামনে আজ সোমবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ বোস। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মনিরুল হাসান মিঠু, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি খলিফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.