সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা সংকটাপন্ন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৫ , ১১:১৩ এএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থা সংকটাপন্ন ছবি: ইন্টারনেট

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। রাতে ব্রেন স্ট্রোকের পর এখন তার অপারেশন চলছে। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে হাসপাতালের আইসিইউতে তার ব্রেন স্ট্রোক করে। সিএমএইচ এর অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু রোগীর অবস্থা খারাপ হওয়ায় নেয়া যায়নি। তাকে বাংলাদেশ স্পেশালাজড হসপিটালেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।

নাসিমের ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন, সব ঠিক হয়ে গিয়েছিল, আব্বুর অবস্থা ভালোর দিকে ছিল। আজকে হঠাৎ করে ব্রেইন স্টোক করেছে, এখন অপারেশন চলছে। বাবার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নাসিমকে শুক্রবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার কথা থাকলেও অবস্থা অবনতির দিকে যাওয়ার কারণে নেয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন চলছে।

এর আগে, গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের।