চিকিৎসায় অবহেলা হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০২ , ০৯:১৩ পিএম

চিকিৎসায় অবহেলা হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী ছবি: ইন্টারনেট

চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে রোগী ফেরানো শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, সরকার এগুলো পর্যবেক্ষণ করছে, ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কেউ রোগীদের স্বাস্থ্যসেবা দিতে অবহেলা করলে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

তথ্যমন্ত্রী আরো জানান, এখন পর্যন্ত হুঁশিয়ারির মাধ্যমে তাদেরকে সেবামুখী করার চেষ্টা করা হলেও অবহেলার ঘটনা ক্রমাগত ঘটতে থাকলে অতি শিগগিরই কঠোর ব্যবস্থা নেবে সরকার।

সম্প্রতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডে হতাহতের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, এ ঘটনায় ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে বলেছে, এখানে ইউনাইটেড হাসপাতালের গাফিলতি ছিল। সুতরাং যে পাঁচজন মারা গেছেন, তাদের মৃত্যুর দায় কোনভাবেই ইউনাইটেড হাসপাতাল এড়াতে পারে না।