করোনা পরীক্ষায় অন্তঃসত্ত্বাদের অগ্রাধিকার দেয়ার নির্দেশ

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-০১ , ০৯:১২ পিএম

করোনা পরীক্ষায় অন্তঃসত্ত্বাদের অগ্রাধিকার দেয়ার নির্দেশ ছবি: ইন্টারনেট

দেশের সব করোনা হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীদের স্যাম্পল গেলে তা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আইনজীবী মো. তানভীর আহমেদ জানান, যেসব হাসপাতালে করোনা পরীক্ষা করা হয়, সেখানে গর্ভবতী নারীদের করোনা পরীক্ষার স্যাম্পল গেলে তা অগ্রাধিকার ভিত্তিতে করার নির্দেশ দিয়েছেন আদালত।

গর্ভবতীদের সুচিকিৎসা নিশ্চিত করতে গত ২৪ মে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন এ আইনজীবী। এরপর গত রবিবার তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালককে বিবাদী করা হয়।