জনগণকে আরও বিপদে ফেলছে সরকার: ফখরুল

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-৩০ , ০২:৩৭ পিএম

জনগণকে আরও বিপদে ফেলছে সরকার: ফখরুল ছবি: ইন্টারনেট

সব কিছু খুলে দিয়ে জনগণকে সরকার বিপদের মুখে ফেলছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ব্যর্থ হয়েছে করোনার আগ্রাসন প্রতিহত করতে।

শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,  সরকারকে আমরা অনেক পরামর্শ দিয়েছেন। কিন্তু উল্টো তিরস্কৃত হয়েছেন। সব কিছু খুলে দেওয়ার সমালোচনায় তিনি বলেন, জাতিকে আরও বড় বিপদের মুখে ফেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারকে পরামর্শ বহু দিয়েছি। এত বার দিয়েছি, তাতে তিরস্কারই পেয়েছি। ওটা নিয়ে তারা চিন্তাও করেনি। আবার দেখা যাচ্ছে যে, আমাদের যে প্যাকেজ ছিল, প্রস্তাব ছিল, সেটা ছিল সবচেয়ে যুক্তিসঙ্গত। 

তিনি বলেন, কোনোরকম চিন্তা ছাড়া একেবারে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা মনে করি, এটা ভুল সিদ্ধান্ত। আরও চরম বিপদের মধ্যে ঠেলে দেওয়া হলো। তবে জনগণকে নিরাপদে থাকতে ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন ফখরুল।