বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-৩০ , ০২:১৫ পিএম

বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ছবি: ইন্টারনেট

প্রতিটি বাসে বহনযোগ্যতার তুলনায় অর্ধেক যাত্রী বহন করা এবং এর জন্য ৮০ শতাংশ ভাড়া নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। শনিবার (৩০শে মে) রাজধানীতে সড়ক ভবনে ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান বিআরটিএ'র চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা।

বিআরটিএ'র চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা জানান, সকল আন্তঃ জেলা পর্যায়ের এবং লোকাল বাস ও মিনিবাসের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। আর, স্বাস্থ্যবিধি মেনেই সব ব্যবস্থা করা হবে। এটা ভাড়া বাড়ানো নয়, ভাড়ার সমন্বয় করা হচ্ছে। একজনের কাছ থেকে দুইজনের ভাড়া হবে।

এসময়, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি'র সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম বলেন, গাড়ি থেকে ২০ শতাংশ যে লাভ হতো সেই লাভ তারা করবে না। এটা শুধু করোনাকালের সময়। বিআরটিএ'র নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আগের ভাড়ায় যাত্রী বহন করা হবে।