সাতক্ষীরায় আম চাষীদের মাথায় হাত !

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৮ , ১২:৩৮ পিএম

সাতক্ষীরায় আম চাষীদের মাথায় হাত ! ছবি: ইন্টারনেট

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে সর্বস্বান্ত সাতক্ষীরার আমচাষীরা। আম সংগ্রহের কাছাকাছি সময়ে এমন দুর্যোগে দিশেহারা তারা।  তবে ক্ষতি পুষিয়ে নিতে নানা উদ্যোগ নেয়ার কথা জানায় প্রশাসন।

৩১শে মে হিমসাগর, ৭ই জুন ন্যাংড়া এবং ১৫ই জুন থেকে আম্রপালি সংগ্রহের সময়সীমা বেঁধে দিয়েছিলো সরকার। কিন্তু আম পাড়ার কাছাকাছি সময়ে আম্পানের আঘাতে চুরমার সাতক্ষীরার আম বাগান মালিকদের স্বপ্ন। নষ্ট হয়ে গেছে অধিকাংশ বাগানের আম। আমচাষীরা জানান, 'কোনা বাগানে আম নেই। সরকার যদি আমাদের কিছু সহায়তা দেয় তবে আমাদের উপকার হয়।'

একে তো করোনা আতঙ্ক তার ওপর আম্পানের ধাক্কা সব মিলিয়ে দিশেহারা বাগান মালিক, কর্মচারী ও ব্যবসায়ীরা। ঘূর্ণিঝড়ের তান্ডবে জেলার ৮০ থেকে ৯০ ভাগ বাগানের ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। সাতক্ষীরা সদর উপজেলার কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, 'ন্যাংড়া, হিমসাগর যে আমগুলো ছিল সেগুলোর ৮৩ শতাংশ ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।'

ক্ষয়-ক্ষতি নিরূপণের পাশাপাশি চাষীদের লোকসান পুষিয়ে দিতে ঝরেপড়া আম কিনছে প্রশাসন। সাতক্ষীরার  জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, 'আমরা চাষীদের পাশে দাঁড়িয়েছি। তাদেরকে আমরা অশ্বস্থ করেছি। তাদেরকে ত্রাণ সহায়তা দিতে নগদ অর্থ দিয়ে ঝড়ে পড়ে যাওয়া আম কিনতে শুরু করেছি।'

ক্ষতি কাটিয়ে উঠতে ব্যাংক ও এনজিও ঋণ মওকুফ করে আর্থিক সহায়তা দেয়ার দাবি বাগান মালিক ও ব্যবসায়ীদের।