এসএসসির ফল পেতে নিবন্ধন করেছে ৮ লাখ পরীক্ষার্থী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৭ , ০৬:৩৮ পিএম

এসএসসির ফল পেতে নিবন্ধন করেছে ৮ লাখ পরীক্ষার্থী ছবি: ইন্টারনেট

এসএমএসে এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেতে সারা দেশে এ পর্যন্ত আট লাখ ১২ হাজার ৮৫০ জন শিক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করেছে। বুধবার (২৭ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা যায়।

এদের মধ্যে গ্রামীণ ফোন নম্বর থেকে তিন লাখ ৮৩ হাজার ৮৬২ জন, রবি নম্বর থেকে দুই লাখ ৮৪ হাজার ৫১০ জন, টেলিটক নম্বর থেকে ৭২ হাজার ২৩৩ জন এবং বাংলালিংক নম্বর থেকে ৭২ হাজার ২৪৫ রেজিস্ট্রেশন করেছেন। চলতি বছর মোট পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন।

জানাযায়, ৩১ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। চলতি বছর এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেয়া হবে। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। কোনো অবস্থাতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন জমায়েত হওয়া যাবে না। মোবাইল এসএমএসে ফল পেতে আগামী ২৯ মে রাত ১২টা পর্যন্ত প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশন করবেন যেভাবে- প্রি-রেজিস্ট্রেশনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC <স্পেস> শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন- SSC DHA 123456 2020। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেয়া হবে।