কর্ণফুলীতে অস্ত্রসহ ৮ ডাকাত আটক 

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৭ , ০৬:০৬ পিএম

কর্ণফুলীতে অস্ত্রসহ ৮ ডাকাত আটক  ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ আটজনকে আটক  করেছে কোস্ট গার্ডের সদস্যরা। বুধবার (২৭ মে) দিবাগত রাত আড়াইটায় পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা  হলেন, মো. আলী (২৮), মো. মিজান (১৮), মো. খোকন (১৮), মো. বেলাল (২০), মো. তারেক (১৮), জাবেদ হোসেন (৩২), হাসিব হোসেন (২১) ও মো. শাহেদ (২০)। তারা সবাই আনোয়ারা থানার খুর্দ্দ গহিরা গ্রামের বাসিন্দা।

কোস্ট গার্ডের দাবি, আটককৃতরা সবাই ডাকাত দলের সদস্য।

বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কর্ণফুলী নদীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দুইটি একনলা বন্দুক, তিনটি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজসহ ৮ জনকে আটক  করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতিতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদেরকে বুধবার পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।