মহামারি মোকাবিলায় ঐক্য দরকার: তথ্যমন্ত্রী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৬ , ০৭:১১ পিএম

মহামারি মোকাবিলায় ঐক্য দরকার: তথ্যমন্ত্রী ছবি: ইন্টারনেট

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বিএনপি বের হতে পারেনি।  মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) রজতজয়ন্তীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকের এই বৈশ্বিক মহামারি শুধু বাংলাদেশে নয়, এর কারণে উন্নত দেশগুলো আজ নাস্তানাবুদ পরিস্থিতির শিকার।  সেখানে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। বেলজিয়ামের মতো দেশে মৃত্যুর হার ১৫ শতাংশ। ব্রিটেনে ১৪, আমেরিকায় ৬, ভারতে ৩ দশমিক ২, পাকিস্তানে ২ শতাংশের বেশি, আর বাংলাদেশে এ হার ১ দশমিক ৪ শতাংশ। স্বাস্থ্য ব্যবস্থা যদি খুবই খারাপ হতো, তাহলে মৃত্যুর হার অন্যান্য দেশের মতো আরও বেশিই হতো।’

মহামারি মোকাবিলায় ঐক্য দরকার উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘এ মহামারির জন্য বিশ্বের কোনও দেশই প্রস্তুত ছিল না। সবদেশে মহামারি মোকাবিলায়  সবার সম্মিলিত প্রচেষ্টা চলছে। অন্য দেশে বিরোধী দল পরামর্শ দিচ্ছে, কিন্তু অন্ধের মতো সমালোচনা করছে না। এখন বিষোদগারের সময় নয়, বিএনপিকে অনুরোধ করবো, আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ পরিস্থিতি মোকাবিলা করি।