স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান বিএনপির

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৬ , ১২:৫৬ এএম

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান বিএনপির ছবি: ইন্টারনেট

সব স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলা করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (২৫ মে) রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাতের পরে খালেদা জিয়ার এ আহ্বান সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মির্জা ফখরুল বলেন, আপনাদের মাধ্যমে উনি (খালেদা জিয়া) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া করোনা মহামারি প্রতিরোধে দেশবাসীকে ঘরে থাকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে চলার ম্যাডাম আহবান জানিয়েছেন।

এর আগে রাত সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত গুলশানের বাসভবন ‘ফিরোজা’ র দোতলায় এই সাক্ষাৎ হয়। 

সামাজিক দূরত্ব বজায় রেখে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু দলীয় প্রধানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।