ঘূর্ণিঝড় আম্ফান; পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২১ , ০২:৫২ পিএম

ঘূর্ণিঝড় আম্ফান; পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু ছবি: ইন্টারনেট

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় সময় বিকেলে মুখ্যমন্ত্রী এ তথ্য দিয়েছেন জানিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিহতদের মধ্যে কলকাতায় ১৫, উত্তর ২৪ পরগনায় ১৭ ও হাওড়ায় ৭ জন রয়েছেন। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো থেকেও মৃত্যুর খবর এসেছে।

এসময় ঝড়ে নিহতদের পরিবারকে ২ লাখ ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে গতকাল কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ কিলোমিটার। কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে ট্রাফিক সিগন্যাল। কলকাতার অন্তত ১৮টি জায়গায় গাছ পড়ে গেছে। দিঘা, রামনগর, মন্দারমনি, কাঁথি, হলদিয়ার বিভিন্ন এলাকায় ছোট বড় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। মন্দারমনিতে কয়েকটি হোটেলে জল ঢুকে গেছে।

ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিমি বেগে ঝড় বয়ে যায়  দিঘা উপকূলে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কার্যত লন্ডভন্ড দশা এখন দিঘার। ঝড়ের দাপটে দিঘা রেলস্টেশনের করোগেটেড শিট (চাল) উড়ে গেছে।