রাজধানীতে বন্দুকযুদ্ধে ১৩মামলার আসামি নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২১ , ০৯:৪৩ এএম

রাজধানীতে বন্দুকযুদ্ধে ১৩মামলার আসামি নিহত ছবি: সিটিজেন নিউজ

রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কবির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর পাঁচটার দিকে আগারগাঁওয়ে লিংক রোডে চেকপোস্টে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। এসময় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

নিহত কবির হোসেন গাজীপুরের শ্রীপুরে বাসিন্দা বলে জানায় র‌্যাব।

র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩টি মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, রাজধানীর  পঙ্গু হাসপাতালের সামনের সড়কে চেকপোস্ট চলছিল। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে একটি মোটরসাইকেলযোগে শ্যামলী দিক থেকে দুজন আসে। চেকপোস্টের ঠিক আগে র‌্যাবের উপস্থিত টের পেয়ে একজন নেমে যায়। এরপর হঠাৎ মোটরসাইকেল থেকে র‌্যাব সদস্যদের ওপর গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন. এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, গুলিসহ বিদেশি অস্ত্র ও মাদক বহণে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় । ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহত দুই র‌্যাব সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।