যাত্রী-পরিবহন ঠেকাতে ফেরি বন্ধ করল

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৮ , ০৭:৩৯ পিএম

যাত্রী-পরিবহন ঠেকাতে ফেরি বন্ধ করল ছবি: ইন্টারনেট

পাটুরিয়া অভিমুখে যাত্রীদের চাপ বাড়ায় করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিচলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। তবে, পরিস্থিতি অনুকূলে এলে পচনশীল ও জরুরি পণ্যবাহী গাড়ি পারাপারের জন্য ফেরি চলাচল সীমিত আকারে চালু করা হবে বলে জানায় কতৃপক্ষ।

জেলা প্রশাসনের অনুরোধে আজ সোমবার (১৮ মে) দুপুরে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণের পর উভয় ঘাটে থাকা ফেরিগুলোকে মাঝ নদীতে রাখা হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার সিদ্ধান্ত হলে, ফেরিগুলোকে আবার ঘাটে আনা হবে।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলাচল বন্ধ থাকার কথা থাকলেও তা যাত্রীসাধারণকে কোনোভাবেই মানানো যাচ্ছিল না। পরে বাধ্য হয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া এলাকায় চেকপোস্ট বসান তারা। জরুরি পণ্যবহনকারী গাড়ি ছাড়া সব ধরনের গণপরিবহন সেখানে আটকে দেওয়া হয় এবং সেগুলোকে ফেরত পাঠানো হলেও মানুষ বিকল্প পথে পাটুরিয়া অভিমুখে বিভিন্ন গাড়িতে যাচ্ছিল। এতে করোনার সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় বিআইডব্লিউটিসিকে ফেরি চলাচল বন্ধ রাখতে অনুরোধ করা হয়।