গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

 তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৮ , ১২:৪৩ পিএম

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো পিতা আশিষ বৈদ্য (৪৫) ও পুত্র তন্ময় বৈদ্য (২০)।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মুশুরিয়া গ্রামের আশিষ বৈদ্যের পুকুর একই গ্রামের রমেশ বৈরাগী ভাড়া নিয়ে মুরগির ফার্ম করেছেন। সকালে আশিষ বৈদ্য (৪৫) তার পুকুর থেকে মাছ ধরতে গেলে বিদ্যুতায়িত হয়। এ সময় আশিষ বৈদ্যের স্ত্রী ডলি বৈদ্য (৩৮) ও পুত্র তন্ময় বৈদ্য (২০) তাকে বাঁচাতে এগিয়ে গেলে এই ৩ জনই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পিতা আশিষ বৈদ্য ও পুত্র তন্ময় বৈদ্যকে মৃত ঘোষণা করেন। ডলি বৈদ্য গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মুরগির ফার্মে যে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে তা বিছিন্ন হয়ে পুকুরটিই বিদ্যুতায়িত হয়েছে।