হাতিয়ায় অপহৃত ৯ জেলে উদ্ধার; অস্ত্রসহ আটক ৫

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৭ , ০১:৩৬ পিএম

হাতিয়ায় অপহৃত ৯ জেলে উদ্ধার; অস্ত্রসহ আটক ৫ ছবি: সিটিজেন নিউজ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অপহৃত ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ রবিবার (১৭ মে) ভোরে সুখচর ইউনিয়নের ঘাসিয়ার চর এলাকার মেঘনা নদী থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় ৫ জনকে অস্ত্রসহ আটক করে হাতিয়া থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।

আটককৃতরা হচ্ছে, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তালতলি ইউনিয়নের চরমার্টিন গ্রামের মাইন উদ্দিনের ছেলে পারভেজ (৩৫), রামগতি উপজেলার চরগজারিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে হারুন (৩৫), তার ভাই হাসান (৩৭), হাতিয়া উপজেলার চরকাদিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে বেলাল (৩২) ও ভোলা জেলার তজমুদ্দি এলাকার মফিজ মাস্টারের ছেলে হোসেন (২৬)।

কোস্টগার্ডের দাবি, আটক ৫ জন জলদস্যু। সাগরে মাছ আহরণের জন্য যাওয়া জেলেদের বিভিন্ন সময়ে তারা অপহরণ করে মুক্তিপণ আদায় করে তারা।

কোস্টগার্ডের দেয়া তথ্য মতে, আটক ৫ জনের কাছ থেকে একনলা বন্দুক, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও তিনটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, গত ১৫মে সন্ধ্যা ৬টার দিকে চরঈশ্বর ইউনিয়নের ঠেঙ্গারচর এলাকার মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় ইব্রাহিম মাঝি নামের এক জেলের নৌকায় হামলা চালায় একদল জলদুস্য। এসময় তারা ইব্রাহিম মাঝিসহ পার্শ্ববর্তী আরও কয়টি নৌকায় হামলা চালিয়ে ৮ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে দস্যুরা তাদের নিয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে এবং জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এরমধ্যে ইব্রাহিমের পরিবারের লোকজন দুস্যুদের দেওয়া বিকাশ নাম্বারে ২৫হাজার টাকা মুক্তিপণ পাঠায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোস্টগার্ড হাতিয়ার একটি দল ঘাসিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার ও অস্ত্রসহ জলদস্যুদের আটক করে।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া সিটিজেন নিউজকে বলেন, আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে দস্যুতা ও অস্ত্র আইনে হাতিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত জেলেদের তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।