পটিয়ায় স্বামীর ইটের আঘাতে স্ত্রীর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৭ , ০৯:৩৯ এএম

পটিয়ায় স্বামীর ইটের আঘাতে স্ত্রীর মৃত্যু ছবি: ইন্টারনেট

চট্টগ্রাম জেলার পটিয়ায় স্ত্রীর ওপর ক্ষেপে গিয়ে ইট দিয়ে আঘাত করে তার স্বামী কামাল উদ্দিন। এতে অতিরিক্ত রক্তক্ষণের কারণে স্ত্রী শেলী আক্তারের মৃত্যু হয় বলে জানা যায়। শনিবার (১৬ মে) উপজেলার আমলদারপাড়ায় ইফতারের সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত শেলী আক্তারের স্বামী কামাল উদ্দিনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ইফতারিতে ফ্রিজের পানি না দেওয়ার কারণে কামাল উদ্দিন হঠাৎ তার স্ত্রী শেলী আকতারের ওপর ক্ষেপে যায়। পরে তার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এ সময় শেলী আকতার মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শেলীকে উদ্ধার করে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।