সিএমপিতে নিহত সদস্য করোনায় আক্রান্ত ছিলেন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৬ , ০৭:০৫ পিএম

সিএমপিতে নিহত সদস্য করোনায় আক্রান্ত ছিলেন ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত পুলিশ সদস্য (কনস্টেবল) মো. নঈমুল হক (৩৮) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ পুলিশ বাহিনীতে এরআগে ৭ জন পুলিশ সদস্য মারা গেছে। করোনাভাইরাস প্রতিরোধ যুদ্ধে এ তালিকায় মো. নঈমুল হকসহ ৮ জনের নাম উঠলো।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে ক্ষুদে বার্তায় মো. নঈমুল হকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।

বার্তায় বলা হয়, দেশ ও জাতির কল্যাণে আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন কনস্টেবল মো. নঈমুল হক। তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ পীর বাড়ি গ্রামে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ তিন শিশু সন্তান এবং বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মুঠোফোন বার্তায় আরও বলা হয়, করোনা ভাইরাস প্রটোকল অনুযায়ী শুক্রবার রাতে দামপাড়া পুলিশ লাইন্সে নঈমুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়।

সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।