টেকনাফে বন্দুকযুদ্ধে ৬ মামলায় অভিযুক্ত নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৬ , ১০:৩৪ এএম

টেকনাফে বন্দুকযুদ্ধে ৬ মামলায় অভিযুক্ত নিহত ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরিফুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। শনিবার (১৬ মে) ভোর ৩টার দিকে মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ দাবি, নিহত যুবক একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও হত্যাসহ অন্তত অর্ধ ডজন মামলার আসামি এবং বন্দুযদ্ধের ঘটনার পর ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, এ বন্দুকযদ্ধের ঘটনায় তাদের তিন সদস্য আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তারা হলেন, এএসআই রামধন দাশ, সাইফুদ্দিন ও কনস্টেবল রমন দাশ।

টেকনাফ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সিটিজেন নিউজকে জানান, অর্ধডজনের বেশি মামলার পলাতক আসামি সন্ত্রাসী আরিফ দলবল নিয়ে মহেষখালীয়া পাড়া মৎস্যঘাট এলাকায় অবস্থান করছে এমন সংবাদে শনিবার (১৬ মে) ভোর ৩টার দিকে পুলিশ সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

তিনি বলেন, এসময় সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে আরিফের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে।