নারী ইউপি সদস্যের বাসা থেকে চাল জব্দ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৪ , ১০:৫৩ এএম

নারী ইউপি সদস্যের বাসা থেকে চাল জব্দ ছবি: সিটিজেন নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে সংরক্ষিত নারী ইউপি সদস্য নিলুফা আক্তারের বাড়ি থেকে ১৮ বস্তা চাল জব্দ করেছে বিজয়নগর উপজেলা প্রশাসন। এই ঘটনায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ই মে) সন্ধ্যায় উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ওই জনপ্রতিনিধির বাড়ি থেকে এই চাল জব্দ করা হয়।

নিলুফা একই এলাকার আক্তার হোসেনের স্ত্রী ও চর ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান।

বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চর ইসলামপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য (মহিলা মেম্বার) নিলুফা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়।

তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত নারী ইউপি সদস্য নিলুফা আক্তারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অপকর্ম যারাই করুক কাউকে ছাড় দেওয়া হবে না।