নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১২ , ১০:২১ এএম
ছবি: ইন্টারনেট
বাংলাদেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের দ্বিতীয় বার্ষিকী আজ।যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণ কেন্দ্র থেকে ২০১৮ সালের (১২ মে) কক্ষপথের উদ্দেশে এ উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১) কেবল দেশের সবগুলো বেসরকারি টেলিভিশন চ্যানেলকেই সম্প্রচার সুবিধা দিচ্ছে না, পাশাপাশি বিশেষত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ আগ্রহের কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সম্প্রচার সুবিধা এপ্রিল মাস থেকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে পৌঁছে দিচ্ছে।
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, কোভিড-১৯ মহামারির এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এবার দিবসটি তেমন ঘটা করে উদযাপন করা হচ্ছে না।
তিনি বলেন, যদিও আমরা দিবসটি উদযাপন করছি না, তবে বিসিএসসিএল টিভি সম্প্রচার শিল্পের উন্নতির জন্য কিছু বিষয় নিয়ে কাজ করছে।
এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগামী ২/৩ মাসের মধ্যে দেশের সবগুলো কেবল অপারেটরকে তাদের সব গ্রাহকের কাছে সেট টপ বক্স (এসটিবি) বিতরণ বাধ্যতামূলক করা হবে।
ড. মাহমুদ বলেন, বিসিএসসিএলের ভবিষ্যত পরিকল্পনায় এছাড়াও রয়েছে- তারা দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য পরামর্শক নিয়োগ করেছেন। তবে কোভিড-১৯ মহামারি তাদের সেই কাজ আপাতত বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, গত ১০ এপ্রিল, থাই উপগ্রহ সিরিজ থাইকোম-৬ এর সহযোগিতায় বিএস-১ বিটিভির উপগ্রহ ভিত্তিক শাখা বিটিভি ওয়ার্ল্ডের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করেছে।
বিসিএসসিএল চেয়ারম্যান বলেন, প্রাথমিকভাবে এটি পরীক্ষামূলক। বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচারের ফলাফলের ভিত্তিতে আমরা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলের জন্য দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল চালুর প্রক্রিয়া শুরু করব।
তিনি জানান, দেশের সব টিভি চ্যানেল এখন বিএস-১ পরিষেবার মাধ্যমে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও দেশে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করতে সবগুলো ব্যাংকের এটিএ-এর মধ্যে সংযোগ স্থাপনের জন্যও বিএস-১ কাজ করছে। বাসস
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.