ভারত থেকে এলো ১০৪৫.২ মেট্রিক টন পেঁয়াজ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১১ , ০১:০৫ পিএম

ভারত থেকে এলো ১০৪৫.২ মেট্রিক টন পেঁয়াজ ছবি: সিটিজেন নিউজ

মরণঘাতী করোনা ভাইরাসের কারণে এক মাস ১৪ দিন বন্ধ থাকার পর চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে ফের শুরু হলো আমদানি-রফতানি। অবশেষে ৪২টি মালবাহী ওয়াগন (বগি) নিয়ে ভারত থেকে এলো ১০৪৫.২ মেট্রিক টন পেঁয়াজ। 

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের গেদে সীমান্ত দিয়ে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে প্রবেশ করে প্রথম পেঁয়াজবাহী ট্রেন।

স্থানীয় সিএন্ডএফ এজেন্ট রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরার আমদানিকারক প্রতিষ্ঠান খালিদ হাসান ট্রেডার্স ভারতের মহারাষ্ট্র থেকে এই পেয়াঁজ আমদানি করেছে। ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান আর কে এন্টারপ্রাইজ মালদহ থেকে এই ট্রেনে পেঁয়াজ বোঝায় করে। প্রথম চালানে ৪২টি ওয়াগনে ২৩ হাজার ২৪৩টি বস্তায় ১ হাজার ৪৫.২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

তিনি আরও জানান, আমদানি করা পেঁয়াজ দর্শনা রেলবন্দরেই ওয়াগন থেকে নামানো এবং এখান থেকেই দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে পাঠানো হবে।