সামাজিক দূরত্ব নেই আনোয়ারার বিদ্যুৎ অফিসে

 মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১০ , ০৪:২১ পিএম

সামাজিক দূরত্ব নেই আনোয়ারার বিদ্যুৎ অফিসে ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে বিদ্যুৎ বিল দিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। শনিবার বিলম্ব ফি ছাড়া বিল পরিশোধের শেষ দিন হওয়ায় গ্রাহকের উপস্থিতি বেশি বলে পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানিয়েছে।

শনিবার (৯ মে) সরেজমিনে গিয়ে জানা যায়, সারাদেশে করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার আবাসিক বিদ্যুৎ বিল বিলম্ব ফি ছাড়াও পরে পরিশোধ করতে পারবেন বলে ঘোষণা দেয়। কিন্তু বিল পরিশোধের জন্য এলাকায় এলাকায় মাইকিং করা হলে গ্রাহকেরা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয়ে বিল পরিশোধ করছেন। এ জন্য গত মাসের বিল পরিশোধে গ্রাহকেরা পল্লী বিদ্যুৎ অফিসে ভিড় জমিয়েছেন। পল্লী বিদ্যুৎ অফিস সামাজিক দূরত্ব বজায় রাখতে কোন তিন ফুট অন্তর চিহ্ন ও পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন দিয়ে তদারকি করা হচ্ছে না। কিন্তু উপস্থিত গ্রাহকরা তাদের নির্দেশনা না মেনে পাশাপাশি দাঁড়াচ্ছেন বলে পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানিয়েছে।

বিল পরিশোধ করতে আসা কয়েকজন গ্রাহক জানান, সরকার আবাসিক বিল নেওয়া বর্তমানে বন্ধ রেখেছে। তারপরও পল্লী বিদ্যুৎ মাইকিং করে বিল আদায় করতেছে। বিল আদায় বন্ধ রাখা হলে আমাদের ঘর থেকে বের হয়ে এভাবে একত্রিত হতে হতো না। বিলম্ব ফি ছাড়া আজকেই শেষ দিন বলে তারা জানান। এ ছাড়া একটি কাউন্টারে টাকা নেওয়া হচ্ছে। এতে মানুষের উপস্থিতি বাড়ছে বলে তারা জানান। পরে সেনাবাহিনীর টহল টিম এসে সামাজিক দুরত্ব মেনে বিল আদায় করার জন্য নির্দেশ দেন।

পল্লী বিদ্যুৎ আনোয়ারা জোনাল অফিসের ডিজিএম মো. বেলায়েত হোসেন জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে গ্রাহকদের বলার পরও গ্রাহকরা তা মানছেন না বলে তিনি দাবি করেন।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসেন চৌধুরী জানান, পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহকের উপস্থিতি বেশি জানতে পেরেছি মাত্র। সামাজিক দূরত্ব বজায় রেখে বিল নেওয়ার নির্দেশনা দেওয়ার ব্যবস্থা নিব। মানুষ কিছুতেই লকডাউন মানতেছে না।