বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত; অস্ত্র-ইয়াবা উদ্ধার

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৭ , ১০:৩০ এএম

বন্দুকযুদ্ধে রোহিঙ্গা নিহত; অস্ত্র-ইয়াবা উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাদেক (২২) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (৭মে)  দিনগত রাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতেরবিল সীমান্তে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত সাদেক বালুখালী ৮নং ক্যাম্পের মৃত আবদুল জলিলের ছেলে।

বিজিবির দাবি, নিহত সাদেক রোহিঙ্গা মাদককারবারি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ গণমাধ্যমকে জানান, গোপন খবর পেয়ে বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পালংখালীর রহমতেরবিল সীমান্ত এলাকায় অভিযানে যায় বিজিবি। এ সময় মো. সাদেক ও তার সহযোগীদের সঙ্গে বিজিবি সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী রোহিঙ্গা মো. সাদেক নিহত হন।

এ সময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।