`সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন'

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৬ , ০৩:৩৪ পিএম

`সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন' ছবি: ইন্টারনেট

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বৈশ্বিক দুর্যোগ করোনা মহামারির মধ্যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এখন পর্যন্ত দেশে প্রায় ৬০ জন গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আমি আমার প্রিয় বন্ধুপ্রতিম সাংবাদিক হুমায়ুন কবীর খোকনকে হারিয়েছি।

বুধবার (৬ মে) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে ডিজইনফেকশন চেম্বার উদ্বোধনকালে মন্ত্রী এ সব কথা বলেন।

সাংবাদিকদের প্রতি গভীর মমতার কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, আমি সবসময় মন্ত্রী ছিলাম না বা থাকব না, কিন্তু আমি সবসময় সাংবাদিকদের সঙ্গে ছিলাম। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমি সব সাংবাদিকের করোনাপরীক্ষার বিশেষ ব্যবস্থার জন্য অনুরোধ করেছি, তারা সে ব্যবস্থা করেছে। বিশেষ বুথের জন্যও আমি তাদের তাগাদা দেব। 

অনুষ্ঠানের শুরুতে দৈনিক সময়ের আলো পত্রিকার সদ্যপ্রয়াত নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় প্রয়াত খোকনের আত্মার শান্তি ও করোনা-আক্রান্তদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন মন্ত্রী।