করোনা সন্দেহে পুলিশ সদস্যের আত্মহত্যা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৪ , ০২:৩৯ পিএম

করোনা সন্দেহে পুলিশ সদস্যের আত্মহত্যা ছবি: ইন্টারনেট

করোনা আক্রান্ত সন্দেহে রাজধানীর খিলগাঁওয়ে পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে তোফাজ্জল নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) খিলগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৯ এপ্রিল ওই সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর কাছে সন্দেহ প্রকাশ করেন। তিনি ধারণা করতে থাকেন তার পরীক্ষার ফল সঠিকভাবে আসেনি। তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

পরে সোমবার সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। তিনি বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচতলার ছাদ থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী।

বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। তোফাজ্জল বিশেষ শাখা এসবিতে কর্মরত ছিলেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।