ঈদের কেনাকাটার সুযোগ দেয়া হবে: প্রধানমন্ত্রী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৪ , ১২:১৬ পিএম

ঈদের কেনাকাটার সুযোগ দেয়া হবে: প্রধানমন্ত্রী ছবি: ইন্টারনেট

রোজার মাস বলে অনেক কিছু ধীরে ধীরে খুলে দেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনেই পদক্ষেপ নিয়েছে সরকার। ঈদের আগেই যাদের আয়-উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে সেসব মানুষকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ মে) সকালে, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের আট জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধার কর্মকর্তাদের সঙ্গে গণভবনে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিজেকে বাঁচাতে সব সময় মাস্ক ব্যবহার করতে হবে। রমজান মাসে যেন কেনাকাটা করতে পারে এজন্য দোকানপাট খোলা ও চালু রাখার নির্দেশ দিয়েছি। প্রতিটি জেলায় ছোট খাট শিল্প চালু রাখাসহ মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতিকে চালু রাখার ব্যবস্থা করা হয়েছে। ঈদের আগে যেন সবাই কেনাকাটা করতে পারে সেই ‍সুযোগ দেওয়া হবে। কেনাকাটার সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সচল রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। দুর্ভিক্ষ থেকে দেশকে রক্ষার জন্য উৎপাদন ও কৃষিকাজ অব্যাহত রাখতে হবে। নানা ধরণের দুর্যোগ মোকাবিলা করেছে বাংলাদেশ তাই করোনাভাইরাসে এই দুর্যোগও দেশ মোকাবিলা করতে পারবে।