সিএমপির সকল সদস্যকে সুস্থ রাখার প্রত্যয় কমিশনারের

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৯:৩৩ এএম

সিএমপির সকল সদস্যকে সুস্থ রাখার প্রত্যয় কমিশনারের ছবি: সিটিজেন নিউজ

‘করোনাভাইরাসকে ভয় নয়, সবাই মিলে করব জয়’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে সিএমপি’র সকল অফিসার ফোর্সদেরকে সচেতন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের উপস্থিতিতে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (১ মে) রাত ৯টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাঠে এই ব্রিফিং প্যারেডে অনুষ্ঠিত হয়।

এ সময় সিএমপির সকল অফিসার ফোর্স বিভিন্ন ব্যারাকের বারান্দায় এবং মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্যারেডে অংশগ্রহণ করেন।

পুলিশ কমিশনার করোনাভাইরাস থেকে কীভাবে নিজেদেরকে রক্ষা করা যাবে এবং করোনা ভাইরাসে আক্রান্ত হলে কীভাবে মনোবল চাঙ্গা রেখে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সিএমপিকে রাষ্ট্রের বৃহৎ স্বার্থে গতিশীল রাখা যায় এ সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান করেন।

নির্দেশনা প্রদান শেষে পুলিশ কমিশনার পুলিশ লাইন্সের বিভিন্ন অফিসার ফোর্সদের খাবার-দাবার, আবাসিক পরিবেশ ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তাদের সুবিধা-অসুবিধার কথা শুনেন। পরে তাৎক্ষণিক সমাধান দেন।

ব্রিফিংকালে তিনি সিএমপি পরিবারের সাত হাজার অফিসার ফোর্সকে যেকোনো মূল্যে সুস্থ রাখার প্রত্যয় ব্যক্ত  করেন। ‘করোনাভাইরাসকে ভয় নয়, সবাই মিলে করব জয়’ এই স্লোগান বুকে ধারণ করে প্রত্যেকের মনোবল চাঙ্গা রেখে করোনাভাইরাস প্রতিহত করার জন্য সবাইকে আহ্বান জানান সিএমপি কমিশনার।