মানুষের ক্ষুদা নিয়ে তামাশা করা হচ্ছে: রিজভী

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০১ , ০৭:২০ পিএম

মানুষের ক্ষুদা নিয়ে তামাশা করা হচ্ছে: রিজভী ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাসের ভয়ংকর মহামারিতে সরকার মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুত্রবার (১মে)  ‘ফিউচার অব বাংলাদেশ’-এর উদ্যোগে হাতিরঝিল মধুবাগ এলাকায় ত্রাণ বিতরণের সময় রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকারের এমপি-মন্ত্রীরা লোক দেখানো কাঁচা ধান কাটছেন। বোরো মৌসুমে ধানগুলো পেকেছে, সেগুলো কাটতে হবে। আওয়ামী লীগের লোকেরা পাকা ধান না কেটে লোক দেখানোর জন্য কাঁচা ধান কাটছেন। তারা মানুষকে দেখাতে চান তারা কৃষকের সঙ্গে আছেন। এভাবে মানবসেবা হয় না। এই ভয়ংকর মহামারিতে দুর্ভিক্ষের মতো অবস্থা মোকাবিলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে। তামাশা করে এত বড় বিপর্যয় ঠেকাতে পারবেন না।’

তিনি বলেন ‘বিএনপি সরকারে নেই। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে গরিব অসহায় মানুষকে সহায়তা করছি। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল কিংবা সুনামের জন্য নয়, আমরা গরিব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি।’

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ‘ফিউচার অব বাংলাদেশ’- এর সাধারণ সম্পাদক মো. শওকত আজিজ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাইদুল বাশার শোয়েব, প্রচার সম্পাদক সোহাইব নাহিদ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহাদাত হোসেন শিহান, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের ছাত্র তৌহিদ হাসান সাইফ প্রমুখ।