করোনায় এখনও ভাগ্যবান রাঙামাটি!

 মুহাম্মদ মোবারক আলী
আপডেট: ২০২০-০৪-৩০ , ০৭:৩৪ পিএম

করোনায় এখনও ভাগ্যবান রাঙামাটি! ছবি: ইন্টারনেট

দেশের ৬৩টি জেলায় এ পর্যন্ত ৭ হাজার ৬৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১৬৮ জন। তবে এখন পর্যন্ত একটি জেলায় কোনও করোনাভাইরাসের রোগী পাওয়া যায়নি। সেটি হলো রাঙামাটি। এরআগে খাগড়াছড়িতে নারায়ণগঞ্জ ফেরা একজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। 

রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইন্সটিটিউট (আইইডিসিআর) বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এর প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে একমাত্র করোনামুক্ত পার্বত্য জেলা রাঙামাটি। 

রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২৯ এপ্রিল রাত পর্যন্ত এই জেলা থেকে মোট ২২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৩২ জনের রিপোর্ট রিপোর্ট নেগেটিভ। বাকি রিপোর্টগুলো এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি বলে জানানো হয়।

রাঙামাটি জেলায় মোট ১ হাজার ৭৭৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে হোম কোয়ারেন্টিনে ১ হাজার ২৬৮ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৫০৯ জন। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানায়, রাঙামাটির রাজস্থলী, বাঘাইছড়ি এবং রাঙামাটি সদরে তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা যান। কিন্তু মৃত্যুর পরে পাওয়া রিপোর্টে তিনজনের কারও শরীরেই করোনার লক্ষণ পাওয়া যায়নি।