নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৯ , ১০:১৪ এএম
ছবি: ইন্টারনেট
প্রণোদনা প্যাকেজের আওতায় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতার জন্য সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকার তহবিল থেকে ঋণ নেওয়ার আবেদনের সময় ২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে ২০ এপ্রিল ঋণ আবেদনের শেষ সময় ছিল। তবে বিজিএমইএ ও বিকেএমইএসহ বিভিন্ন বাণিজ্য সংগঠনের আবেদনের প্রেক্ষিতে এ সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া এ তহবিল থেকে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এবং হাইটেক পার্কের দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন (টাইপ-বি) শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাও পরিশোধ করা যাবে। আগে এসব এলাকার শুধু দেশীয় মালিকানাধীন (টাইপ-সি) প্রতিষ্ঠানের জন্য এ সুযোগ ছিল।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনের আবেদনের প্রেক্ষিতে সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে কমর্রত শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য ঋণ আবেদনের সময় ২ মে ২০২০ তারিখ পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২ মে পর্যন্ত প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে ঋণ প্রদানকারী ব্যাংক তাদের ঋণের চাহিদা বাংলাদেশ ব্যাংকে আগামী ৩ মের মধ্যে পাঠাবে।
গত ২ এপ্রিল করোনায় ক্ষতিগ্রস্ত রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ সরকারের বাজেট বরাদ্দ থেকে ৫ হাজার কোটি টাকার তহবিল গঠন করে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়, এ প্যাকেজ থেকে উৎপাদনের ন্যূনতম ৮০ শতাংশ পণ্য রফতানি করছে এমন সচল প্রতিষ্ঠান ঋণ পাবে। ঋণের অর্থ দিয়ে কেবল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে। সুদবিহীন এ ঋণে সর্বোচ্চ ২ শতাংশ হারে সার্ভিস চার্জ নিতে পারবে ব্যাংকগুলো। ঋণ নেয়ার পর ৬ মাস গ্রেস পিরিয়ডসহ মোট ২ বছরে ১৮টি সমান কিস্তিতে ব্যাংককে সার্ভিস চার্জসহ ঋণ পরিশোধ করতে হবে ।ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধিত না করলে প্রচলিত নিয়মে শ্রেণীকরণ করতে হবে এবং খেলাপি হিসেবে বকেয়া কিস্তির উপর ২ শতাংশ হারে দন্ড সুদ আরোপ করা যাবে।
এরপর গত ১৫ এপ্রিল আরেক সার্কুলার জারি করে জানানো হয়, এ আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এবং হাইটেক (টাইপ-সি) শতভাগ দেশীয় মালিকানাধিন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক- কর্মচারীদের বেতন ভাতাও প্রদান করা যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.