দেশজুড়ে বৃষ্টি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৮ , ০৫:০৪ পিএম

দেশজুড়ে বৃষ্টি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত ছবি: সংগৃহীত

বৃষ্টিপাত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৮ এপ্রিল) এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে বঙ্গোপসাগরে।

এ অবস্থায় রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এক্ষেত্রে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে, ভারী বর্ষণের কোনো সতর্কতা নেই। নেই কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, অধিকাংশ নদ-নদীর পানি কয়েকদিনের তুলনায় কমতে শুরু করেছে।