ত্রাণের কার্ড না পেয়ে মেম্বারের মাথা ফাটালেন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৭ , ০৯:৩৫ পিএম

ত্রাণের কার্ড না পেয়ে মেম্বারের মাথা ফাটালেন ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাস দুর্যোগের সময় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্ড না পেয়ে এক ইউপি সদস্যের মাথা ফাটিয়েছেন স্থানীয় একজন। আহত অবস্থায় ওই ইউপি সদস্যকে এলাকাবাসী উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার (২৭ এপ্রিল) ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্যর নাম মো. আমান হোসেন (৩৮)। তিনি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রাপ্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্ড বিতরণ করেন ইউপি সদস্য মো. আমান হোসেন। ইউপি সদস্য নয়াডাঙ্গী গ্রামের লুৎফর শেখের বাড়িতে (কার্ডে নামধারীর) কার্ডে সংযুক্ত করার জন্য স্ট্যাম্প ছবি সংগ্রহ করতে যান। ওই সময় লুৎফর শেখের ছোট ভাই মো. শাজাহান শেখ এগিয়ে এসে ইউপি সদস্যের নিকট জানতে চান কেন তাকে কার্ড দেয়া হয়নি। একই বাড়িতে দুই কার্ড দেয়া সম্ভব নয়- বলে জানা ইউপি সদস্য।

এ নিয়ে ইউপি সদস্য আমানের সাথে শাহজাহানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহজাহান ইউপি সদস্যের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ইউপিসদস্য আমানের মাথা ফেটে যায়।

চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এভাবে জনপ্রতিনিধিদের আঘাত করা হলে জনসেবা দিতে অসুবিধা হবে।