লক্ষাধিক মানুষকে ঝুঁকিতে ফেলছে

সামগ্রী বিতরণে নিয়ম মানছেনা সাবেক কাউন্সিলর মুন্নি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৯:২৯ পিএম

সামগ্রী বিতরণে নিয়ম মানছেনা সাবেক কাউন্সিলর মুন্নি ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাসের আক্রমনে সারাবিশ্ব টালমাটাল। ইউরোপীয় দেশগুলোতে মৃত্যুর সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে! এ পর্যন্ত সারাবিশ্বে মারা গেছে প্রায় ১লাখ ৮০ হাজার। সংখ্যায় কম হলেও বাদ যাচ্ছে না বাংলাদেশ। আজ  বুধবার (২২ এপ্রিল) দেশে মৃত্যুর সংখ্যা ১২০ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৩হাজার ৮শ’।

বিষেজ্ঞরা বলছে, মরণব্যাধী এ করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখতে।তারা বলছেন ইতিমধ্যে দেশের অভ্যন্তরে এই করোনাভাইরাস ‘কমিউনিটি ট্রান্সমিশন’ হচ্ছে। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সামাজিক দূরত্বের কথা।

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে সশস্ত্র বাহিনী। ঘুম হারাম করে জিবনের ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ। তবুও যেন এক শ্রেণির মানুষ মানছে না এসব নিয়ম।

দেশের বিভিন্ন স্থানে জরুরি খাদ্য সামগ্রী বিতরণের করতে গিয়ে জড়ো করা হচ্ছে শত শত মানুষ। এর ব্যতিক্রম ঘটছে না চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড এলাকায়ও।

জরুরি খাদ্য সামগ্রী বিতরণে শত শত মানুষ জড়ো করার অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর (মহিলা সংরক্ষিত ১,২,৩) ফেরদৌস বেগম মুন্নির বিরুদ্ধে। এসব জরুরি খাদ্য সামগ্রী বিতরণের সময় স্থানীয় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে তাদের সহযোগিতায় বিতরণ করার নিয়ম থাকলেও মানছেন না তিনি।

সচেতন নাগরিকদের অভিযোগ মুন্নি অত্র এলাকার বিভিন্ন স্থানে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে বহু মানুষ জড়ো করছেন। এতে করে যে কোনও সময় করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়ানো আশংকা রয়েছে। ঝুঁকিতে পড়ছে পারে অত্র এলাকার লক্ষাধিক মানুষ।

জানা যায়, সাবেক কাউন্সিলর মুন্নি বুধবার (২২ এপ্রিল) দুপুরে ওয়াজেদিয়া উজির আলী চৌকিদারের বাড়ি এলাকায় কয়েকশ মানুষ জড়ো করে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ওই বিতরণের কিছু ছবি আসে সিটিজেন নিউজের হাতে। এসময় তাদের কাউকেই নূন্যতম দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি।

কেউ কেউ বলছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (কাউন্সিলর পদে) দলীয় মননোয়ন তাকে দেয়া না হলেও তিনি বিদ্রাহী প্রার্থী হয়ে নির্বাচন করবেন। ভোটারদের কাছে টানতে গিয়েই তিনি তার ব্যক্তি উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করছেন।  

এ বিষয়ে সাবেক কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নির মোবাইলে (রাত ৮:৪০ মিনিট) একাধিকবার ফোন করা হয়। কিন্তু তিনি মোবাইল রিসিভ না করায় তার কোনও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার সিটিজেন নিউজকে জানান, ‘করোনাভাইরাসে প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও বিকল্প নেই। জরুরি খাদ্য সামগ্রী বিতরণে যদি কেউ সামাজিক দূরত্ব বজায় না রাখে আর সেক্ষেত্রে যদি আমরা অভিযোগ পাই তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মামলা করা বা নেয়ার সুযোগ রয়েছে।’

তিনি বলেন, এ বিষয়ে যথাযথ এবং দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সিটিজেন নিউজকে জানান, আমি এখনি এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করছি।

তিনি বলেন, কেউ যদি খাদ্য সামগ্রী বিতরণ করতে চায় তাহলে অবশ্যই সংশ্লিষ্ট থানাকে অবহিত করে পুলিশের সহায়তায় বিতরণ করবেন। এর ব্যক্রিম হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি প্রিটন সরকার।