চাল আত্মসাতকারীদের বিরুদ্ধে দুদকের মামলা; গ্রেফতার ৩

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৭:২০ পিএম

চাল আত্মসাতকারীদের বিরুদ্ধে দুদকের মামলা; গ্রেফতার ৩ ছবি: ইন্টারনেট

জরুরি খাদ্য সামগ্রীর চালসহ অন্যান্য সরকারি সুবিধা আত্মসাতের অভিযোগে এখন পর্যন্ত সাতটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই সাত মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পলাতক রয়েছে তিন আসামি।

বুধবার (২২ এপ্রিল) দুদক চেয়ারম্যানকে কমিশন গোয়েন্দা শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল থেকে দুদক ত্রাণসহ সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির কার্যক্রম নজরদারি শুরু করে। ১২ এপ্রিল বগুড়ায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়ে প্রথম মামলাটি দায়ের করা হয়। এরপরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় আরও ছয়টি মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সর্বশেষ মামলাটি দায়ের করা হয় নড়াইল জেলার কালিয়া উপজেলার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।