চি‌কিৎসক ও স্বাস্থ্য কর্মী‌দের যাতায়াত ব্যবস্থা করলো সিএম‌পি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-৩১ , ০৯:৪১ পিএম

চি‌কিৎসক ও স্বাস্থ্য কর্মী‌দের যাতায়াত ব্যবস্থা করলো সিএম‌পি

চট্টগ্রাম মহানগরীর কর্মরত সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীর যাতায়াতের ব্যবস্থা করলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।মঙ্গলবার (৩১মার্চ) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিএমপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগর এলাকায় কর্মরত যেসব চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীগণ যানবাহনের স্বল্পতার কারণে কর্মস্থলে যেতে পারছেন না তাদের যাতায়াতের ব্যবস্থা করলো ‍সিএমপি। ইতোমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান সকল থানার অফিসার ইনচার্জগনকে এ ব্যাপারে  নির্দেশনা প্রদান করেছেন।

সিএমপি কমিশনার মোঃ মাহাবুবর রহমান বলেন,ডাক্তার বাঁচলে আমরা বাঁচবো। যদি কোন চিকিৎসক অথবা স্বাস্থ্য কর্মী তাদের যানবাহনের জন্য সিএমপির হটলাইনে (০১৪০০৪০০৪০০) ফোন করেন তাৎক্ষণিকভাবে তাদেরকে বাসা থেকে কর্মস্থলে এবং কর্মস্থল থেকে বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, করোনা  ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট এই কঠিন সময়ে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবং তাদের সুস্বাস্থ্য ও  সুব্যবস্থার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগ পুলিশ, চিকিৎসক এবং সাধারণ মানুষের মাঝে এক নতুন বন্ধন সৃষ্টি করবে।