দিনাজপুরে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-৩১ , ০৯:৪৮ এএম

দিনাজপুরে পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার মিরপুর মাঠের পাশে একটি বাগানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের দুই এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।

বিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে একদল মাদক কারবারি মাদক নিয়ে আসছেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরপুর মাঠের পাশে একটি বাগানে অবস্থান নেয় পুলিশ।

এ সময়, মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে মাদক কারবারিদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ৩টি গুলিখোসা, ১টি হাসুয়া, ২টি ছোঁড়া, ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশের এএসআই শাহাজাহান, এএসআই নিরঞ্জন এবং কনস্টেবল দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।