দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-৩০ , ১২:৫০ পিএম

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা না বাড়লেও বেড়েছে আক্রান্ত ব্যক্তির সংখ্যা। দেশে নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। এর ফলে, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জনে দাঁড়ালো।

সোমবার রাজধানীর মহাখালী থেকে অনলাইন সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা  জানান এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৯ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন।

ব্রিফিংয়ে ফ্লোরা বলেন, গেল ২৪ ঘণ্টায় মোট ১৫৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের পরীক্ষা শেষে একজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ভাইরাস শনাক্ত হলো ৪৯ জনের শরীরে।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমরা যাদের বাড়িতে থাকতে বলছি তারা অবশ্যই বাড়িতে থাকেন। যদি বের হতেই তবে মাস্ক পরে বের হন।

তিনি আরও বলেন, নমুনা সংগ্রহের প্রক্রিয়া সহজতর করার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ দেখা গেলে আইইডিসিআরের হটলাইন কিংবা জেলা পর্যায়ের হট লাইনেও যোগাযোগ করার সুযোগ রয়েছে। সুতরাং আপনারা সরাসরি হাসপাতালে না গিয়ে হট লাইনে যোগাযোগ করুন। আমরা আবারও অনুরোধ করছি, আমাদের দেয়া পরামর্শগুলো মেনে চলার জন্য।

এর মধ্যেই ৯২ হাজার টেস্ট কিট সংগ্রহ করা হয়েছে বলে এসময় জানায় সংস্থাটি। এছাড়া দেশের প্রায় সকল মেডিকেল টেকনোলজিস্টদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহের প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও জানায় সংস্থাটি।

এদিকে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৯৬৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭ লাখ ২১ হাজার ৯৫৬ জনের শরীরে।