নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৯ , ১১:৪৭ এএম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় গভীর দুঃখ ও সহানুভূতি প্রকাশ করে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে বরিস জনসনের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
শনিবার (২৮ মার্চ) গণমাধ্যমের কাছে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেওয়া শেখ হাসিনার এ চিঠির কথা জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।
চিঠিতে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বরিস জনসনের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়া রোধ করতে এবং এ থেকে মানুষের জীবন বাঁচাতে আমরা লড়াই করছি। করোনা মহামারির আঘাত থেকে বাঁচাতে এক্সট্রিম লকডাউন, ব্রিটিশ জনগণকে অর্থনৈতিক সহায়তা ও আইনি সহায়তাসহ আপনার সময়োপযোগী পদক্ষেপগুলো আমি খুব গভীরভাবে লক্ষ্য করেছি।
করোনা মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে চিঠিতে প্রধানমন্ত্রী আরও বলেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের সরকার খুব সিরিয়াসলি কাজ করছে। সন্দেহভাজনদের আলাদা জোনে কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে পরা ঠেকাতে উচ্চ পর্যায়ের একটি জাতীয় কমিটির মাধ্যমে বিভিন্ন দিক থেকে নিরলস কাজ করা হচ্ছে।
এছাড়াও কয়েকটি হাসপাতাল আলাদাভাবে নির্দিষ্ট করাসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা, কমিউনিটি ট্র্যান্সমিশন ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে লকডাউন করা, সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা, সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ করাসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা চিঠিতে উল্লেখ করেন শেখ হাসিনা।
এছাড়াও বরিস জনসনকে চিঠিতে শেখ হাসিনা বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত, ৫ জনের মৃত্যু এবং ১১ জনের সুস্থ হওয়ার কথা জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.