নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৫ , ১০:০৩ এএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে অবস্থানের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান।
তিনি বলেন, ‘এই সংকটময় পরিস্থিতিতে আতঙ্ক কিংবা গুজব না ছড়িয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। সরকারিভাবে ৪ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি হয়েছে, আপনারা সেই নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করুন। আপনাদের সাময়িক কষ্ট হবে, কষ্ট হলেও এই জায়গা থেকে উত্তরণের আর কোনো উপায় নেই। আমরা সবাই মিলে একসঙ্গে প্রশাসনকে সহযোগিতা করবো।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৫টি দেশে এই ভাইরাস আত্মপ্রকাশ করেছে। এটি ভয়ানক সংক্রামক ব্যাধি। এই ভাইরাসটি দ্রুত এতো দেশে ছড়িয়েছে যেটা আমাদের বোধ হয় সবারই চিন্তার বাইরে ছিল। এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি সবধরনের নিয়ম-কানুন মেনে চলি তাহলে এই ভাইরাস থেকে পরিত্রাণ পাবো।’
তিনি আরও বলেন, ‘যারা বিদেশ থেকে আসছেন তারা অবশ্যই সেলফ কোয়ারেন্টিন মেনে চলুন। আপনাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।’
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। সারাবিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ৮২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। মারা গেছেন ১৬ হাজার ৫৬৯ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লক্ষাধিক মানুষ ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.