আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২৫ , ০৯:২৯ এএম

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।

এর আগে ২৩ মার্চ সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ‘২৫ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা।’

তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার, জাতির উদ্দেশে ভাষণে সেই করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন। এটাই প্রত্যাশা।’

প্রধানমন্ত্রীর ভাষণে সারাদেশ লকডাউন করার কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আমি এটুকু বলতে পারি, আমি যে দায়িত্বশীলতার কথা বলেছি, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে, কখন কী করতে হবে! আমি সকলের কাছে অনুরোধ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন। সরকারের প্রতি আস্থা রাখুন, যখন যেটা বলতে হবে যখন যেটা করতে হবে, যথাসময়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত ৮ মার্চ বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন চারজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।