করোনা গুজব ‘হ্যালো রোহান’ স্পিকার গ্রেফতার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-২১ , ০৮:১৩ পিএম

করোনা গুজব ‘হ্যালো রোহান’ স্পিকার গ্রেফতার গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টিকারী ইফতেখার মোহাম্মদ আদনান

অবশেষে করোনা গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টিকারী ‘হ্যালো রোহান’ স্পিকারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই গুজব সৃষ্টিকারীর নাম ইফতেখার মোহাম্মদ আদনান। শনিবার (২১ মার্চ) বিকেলে নগরীর প্রবর্তক মোড় এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচালাইশ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শনিবার সন্ধ্যা ৭টায় এক প্রেস ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর)বিজয় বসাক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার ইফতেখার আদনান পেশায় একজন চিকিৎসক। ইউএসটিসি মেডিকেল থেকে এমবিবিএস সম্পন্ন করার পরে আবুল খায়ের গ্রুপ এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টারে কাজ করছেন ।ইফতেখার আদনান চট্টগ্রাম যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেও জানান তিনি।

বিজয় বসাক বলেন,মঙ্গলবার (১৭মার্চ) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮/১৯ জনের মৃত্যু হয়েছে বলে ৩৫সেকেন্ডের একটি ভুয়া তথ্য অডিও বার্তা ছড়িয়ে দেয়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইফতেখার আদনান যাকে উদ্দেশ্য করে অডিও বার্তাটি প্রথম প্রেরণ করে তার নাম রোহান। সে ইফতেখার আদনানের সম্পর্কে চাচাতো ভাই বলে জানায় পুলিশ।

এক প্রশ্নের জবাবে ডিসি জানান,ইফতেখার আদনানের এমন অডিও বার্তা ছড়ানোর পেছনে আর কারা জড়িত আছে;তদন্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।