করোনা দিয়ে ইতালি ফিরলেন মেয়ে; মারা গেলেন বাবা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৯ , ০৫:৪৪ পিএম

করোনা দিয়ে ইতালি ফিরলেন মেয়ে; মারা গেলেন বাবা ছবি: ইন্টারনেট

একটু পরে হলেও করোনার থাবা পড়েছে বাংলাদেশে। জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেয়া তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির মেয়ে ইতালি প্রবাসী। তিনি তার বাবার শরীরে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে ইতালি চলে যান বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমাদের আক্রান্তের সংখ্যা কম, মৃত্যুও হয়েছে একজনের। যে ব্যক্তি মারা গেছেন তিনি কিন্তু অনেক বয়স্ক ছিলেন। তারপরও আবার অনেক ধরনের রোগে ভুগছিলেন।

মন্ত্রী বলেন, তার মেয়ে তাকে করোনা দিয়ে ইতালি চলে গেছেন।

এর আগে ওই ব্যক্তির মৃত্যুর পর বুধবার আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, তিনি (করোনায় মৃত ব্যক্তি) পুরুষ, তার বয়স ৭০। ওই ব্যক্তি খুবই উচ্চ-ঝুঁকির মধ্যে ছিলেন। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ফুসফুসের সমস্যা ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তার হৃদযন্ত্রের সমস্যা ছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন। তিনি বিদেশে যান নাই, কিন্তু বিদেশ ফেরত একজনের মাধ্যমে সংক্রমিত হয়েছেন।