নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৮ , ১০:২১ এএম
ছবি: ইন্টারনেট
বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে স্মারক ডাক টিকিট, ডাটা কার্ড ও স্মারক নোট অবমুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৭ মার্চ) গণভবন থেকে ১০ টাকার স্মারক ডাক টিকিট, ১০ টাকার কভার, ৫ টাকার ডাটা কার্ড, ১০০ টাকার স্মারক নোট ও ২০০ টাকার স্মারক ব্যাংক নোট, ১০০ টাকার স্মারক গোল্ড কয়েন, ১০০ টাকার স্মারক সিলভার কয়েন অবমুক্ত করা হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কেএম সাখাওয়াত মুন।
এ সময় গণভবনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র প্রমুখ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক প্রকাশিত ‘কোটি মানুষের কণ্ঠস্বর’ শিরোনামে প্রকাশিত স্মরণিকার মোড়কও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সম্বলিত পোস্টকার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বাণী সম্বলিত এই পোস্টকার্ড হস্তান্তর করেন। এরই মধ্য দিয়ে দেশব্যাপী পাঁচ কোটি পরিবারের প্রতিটি পরিবারের প্রধানের হাতে এই পোস্টকার্ড বিতরণের কার্যক্রম শুরু হলো।
এক তথ্য বিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রী স্বাক্ষরিত শুভেচ্ছা বাণী সম্বলিত এই পোস্টকার্ড ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে ডাক বিভাগ দেশের পাঁচ কোটি পরিবারের প্রধানের হাতে পৌঁছে দেবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.