নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৮ , ০৯:৩২ এএম
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ক্ষণজন্মা মহাপুরুষ বঙ্গবন্ধু ছিলেন অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন। তিনি বঞ্চিত-নিপীড়িত মানুষের জন্য ছিলেন দয়ালু।
মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে টেলিভিশনে প্রচারিত ‘মুক্তির মহানায়ক’ অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জন্মশতবার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজন যথাযোগ্যভাবে উদযাপনের জন্য আমি সবার প্রতি আহবান জানাই।
এদিন রাত ৮টায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে শুরু হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি রাত ৮টায় সারাদেশে আতশবাজির মধ্য দিয়ে শুরু হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান।
এরপরই দেশের সব টেলিভিশন, বিদেশি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে প্রচারিত হচ্ছে ‘মুক্তির মহানায়ক’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপন করছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সাহসী-ত্যাগী নেতৃত্ব গড়ে উঠবে প্রত্যাশা করে রাষ্ট্রপতি বলেন, তার (বঙ্গবন্ধু) নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক। গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব, এ প্রত্যাশা করি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনের মাধ্যমে দেশকে সোনার বাংলায় পরিণত করাই হোক মুজিববর্ষে সবার অঙ্গীকার।
রাষ্ট্রপতি বলেন, রাজনীতিতে বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী ও ‘কারাগারের রোজনামচা'সহ তার ওপর লিখিত গ্রন্থ অধ্যয়ন করে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবে এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীতে জাতি গঠনে অবদান রাখতে সক্ষম হবে।
বক্তব্যের শুরুতে বছরজুড়ে দেশ-বিদেশে সাড়ম্বরে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ঘোষিত মুজিববর্ষের বর্ণাঢ্য আয়োজন যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উদযাপনের জন্য দেশবাসী ও প্রবাসী বাঙালিদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.