দারাজে ৫০ টাকার মাস্ক দেড় হাজার টাকা!

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৬ , ১২:১৬ পিএম

দারাজে ৫০ টাকার মাস্ক দেড় হাজার টাকা!

করোনাভাইরাসকে পুঁজি করে ৫০ টাকার মাস্ক ২ হাজার ২৫৫ টাকায় বিক্রি করে আসছিল সুপরিচিত অনলাইন শপিং মার্কেটপ্লেস দারাজডটকম। বাড়তি দামে মাস্ক বিক্রি করার অভিযোগে দারাজকে দুই লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রাজধানীর বনানীতে রোববার (১৫ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের শুরুতে বনানীতে দারাজের প্রধান কার্যালয়ে যান আদালতের কর্মকর্তারা। এরপর সেখান থেকে প্রতিষ্ঠানটির তেঁজগাও কার্যালয়েও অভিযান চালানো হয়। এ সময় মাস্ক বিক্রিতে স্পষ্টতই দারাজের নজরদারির অভাবের প্রমাণ পাওয়া যায়। যথাযথ নজরদারির অভাবে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান দারাজে উচ্চমূল্যে মাস্ক বিক্রি করছিল।

অভিযানের নেতৃত্ব দেওয়া র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, দারাজ মূলত একটি মার্কেটপ্লেস। এখানে অন্য ব্যবসায়ীরা পণ্য বিক্রি করেন। কিন্তু করোনা অতঙ্কের সুযোগ নিয়ে বাড়তি দামে বিক্রেতারা মাস্ক বিক্রি করছিলেন, দারাজ যা নজরদারি করতে ব্যর্থ হয়। এজন্য দারাজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।