‘সাগর-রুনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে’

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৬ , ১০:৫৬ এএম

‘সাগর-রুনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার এবং এই হত্যাকাণ্ড মামলায় যাতে দ্রুত চার্জশিট দেওয়া যায়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

রবিবার (১৫ মার্চ) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) একটি প্রতিনিধি দল দেখা করে সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যার দ্রুত বিচার ও প্রকৃত আসামিদের গ্রেফতার দাবিতে স্মারকলিপি দিতে এলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক নেতারাও উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সাগর-রুনি হত্যা মামলার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। যেহেতু ডিএনএ মিলতে শুরু করেছে এবং সবাই যাতে এটা বিশ্বাস করে সেভাবে কাজ করছি।

সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলায় যাতে কেউ বিনা অপরাধে হয়রানির শিকার না হন, সে বিষয়টিও দেখবেন বলে জানান তিনি।

নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনেন সাংবাদিক নেতারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, আমি তার বিষয়টা দেখছি। 

এছাড়া শুক্রবার (১৩ মার্চ) সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে এনে এক বছরের কারাদণ্ড দেওয়ার বিষয়টিও মন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন— ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু প্রমুখ।