নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৬ , ০৯:৫৫ এএম
ছবি: ইন্টারনেট
কক্সবাজার সমুদ্র সৈকতে তিনজন পর্যটককে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে সৈকতে শৈবাল পয়েন্টের ঝাউবিথীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত পর্যটকরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম শেখ (২৫), ঢাকার মিরপুরের পল্লবী এলাকার গার্মেন্টস ব্যবসায়ী সালাউদ্দিন রাজ্জাক (৩১) ও মোশাররফ হোসেন জনি (৩২)। তাদের মধ্যে নাঈম শেখের অবস্থা গুরুতর।
আহত সালাউদ্দিন রাজ্জাক বলেন, রাতে রেস্তোরা থেকে খাবার খেয়ে আমরা তিনজন সমুদ্র উপভোগের জন্য বের হয়ে ঝাউবিথীতে হাঁটতে শুরু করে। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে ৭-৮ জনের একটি দল এসে ঘিরে ফেলে। একপর্যায়ে ছুরি দেখিয়ে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ৩টি মোবাইল ছিনিয়ে নেয়। এরপর ধস্তাধস্তি ও চিৎকার শুরু করলে ছিনতাইকারীর দল ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
সৈকতের লাইফ গার্ড কর্মী মোহাম্মদ সরওয়ার হোসেন বলেন, চিৎকার শুনে আমি এবং বীচ কর্মী খোরশেদ আলম এগিয়ে যায়। দেখি রক্তাক্ত অবস্থায় তিনজন পর্যটক পড়ে আছে। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এরপর পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিই।
ঘটনার পরপর সদর হাসপাতালে আসেন কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মাসুম খান। এ সময় তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.