অনিয়মের প্রমাণ মিলেছে কুড়িগ্রামের ডিসির

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৫ , ০৩:৩৩ পিএম

অনিয়মের প্রমাণ মিলেছে কুড়িগ্রামের ডিসির

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের ঘটনায় প্রত্যাহার হচ্ছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক। তাঁর বিরুদ্ধে অনিয়মের প্রমান মিলেছে।

এর আগে রবিবার (১৫ মার্চ) জামিন পান ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান। সকাল ১১টায় তার জামিন মঞ্জুর করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুজাউদ্দৌলা।

এদিকে মধ্যরাতে কারও বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাজা প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুনুর রশীদের পক্ষে জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী ইশরাত হাসান। তিনি জানান, বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি  সরদার মো. রশীদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হতে পারে।

শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে কুড়িগ্রামেবাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে বাড়ি থেকে তুলে এনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত । কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, মাদকবিরোধী অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে ৪৫০ গ্রাম দেশি মদ ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

সাংবাদিক আরিফুলের স্ত্রী মোস্তারিমা সরদারের অভিযোগ, শুক্রবার রাত ১২টার দিকে একদল লোক দরজা ভেঙে হুড়মুড় করে ঘরে ঢুকে ‘তুই খুব জ্বালাচ্ছিস’ বলে আরিফুলকে পেটাতে থাকে। এ সময় তাঁকেও গালাগাল করা হয়। একপর্যায়ে কয়েকজন মিলে টেনেহিঁচড়ে আরিফুলকে তুলে নিয়ে যায়। তাঁকে জামাও পরতে দেয়নি। সকালে তিনি জানতে পারেন, জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আরেক দফা মারধরের পর সাজানো অভিযোগে আরিফুলকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গেল বছরের ১৯ শে মে কাবিখার টাকায় পুকুর সংস্কার করে ডিসির নামে নামকরণ শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন লিখেন আরিফুল ইসলাম রিগ্যান।